প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের সফরে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে জাপান যাওয়ার বিষয়টি জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত একটি ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেন এই রাজনৈতিক নেতা।
ফেসবুক পোস্টে মো. তারেক রহমান লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ তাঁর এই পোস্টের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ২৫ অক্টোবর রাতে ঢাকা ছাড়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরসূচি অনুযায়ী, তিনি ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন।
সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা, নতুন বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে জাপানের বিভিন্ন ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়া এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি এবং চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা সফরের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
বাংলাদেশের চলমান অবকাঠামো প্রকল্প, বিশেষ করে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও জাপানি ঋণের সুদের হার কমানোর বিষয়টি আলোচনায় আসতে পারে। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সফরের সম্ভাব্য কর্মসূচিতে একটি এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দপ্তর এবং টয়োটার কারখানা পরিদর্শনের বিষয়ও রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফরে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানও যাচ্ছেন বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন। তবে তাঁর সফরে অংশগ্রহণের আনুষ্ঠানিক ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
সিদ্দিকা/
