সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন নির্দেশনা, কার্যকর হবে যে নিয়ম
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া প্রচলিত ভাতা নির্ধারণ ও পরিশোধের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের ভাতা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করতে হবে।
রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা ছাড়াও রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পেয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীদের ভাতা ২০২৬ সালের ৩০ জুন আহরিত মূল বেতনের ভিত্তিতে হিসাব করে পরিশোধ করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
সিদ্দিকা/
