একই পরিবারের চারজনের দাফনে চার খাটিয়া
নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।
শনিবার (৩ অক্টোবর) ওই পরিবারের বাড়িতে পাশাপাশি রাখা হয়েছে চারটি খাটিয়া। একদিকে দাফনের প্রস্তুতি, অন্যদিকে স্বজনদের আহাজারি। বাড়ির আঙিনায় জড়ো হয়েছেন স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা। প্রিয়জনদের হারানোর শোকে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন।
শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে যাওয়ার পথে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজনসহ জামালপুরের ছয়জন নিহত হন। দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।
নিহত একই পরিবারের চারজন হলেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তার ৮৫ বছর বয়সী মা রাশিদা বেগম, ২৫ বছর বয়সী মেয়ে মর্জিনা এবং মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনাল।
এ দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন একই ইউনিয়নের বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী ও বাদেচান্দি গ্রামের আকরাম আলী।
শনিবার সকালে চারজনের দাফনের প্রস্তুতির জন্য স্থানীয় চারটি মসজিদ থেকে চারটি খাটিয়া এনে বাড়ির আঙিনায় রাখা হয়। পাশাপাশি সাজানো চারটি খাটিয়ার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।
যে বাড়িতে মা, ছেলে, মেয়ে ও নাতির হাসি-আনন্দে চলত পারিবারিক জীবন, সেই বাড়িতেই এখন নিস্তব্ধতা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। কেউ আহাজারি করছেন, আবার কেউ শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দা আজাদ ফারাজি বলেন, ‘আগে টেলিভিশনে দেখতাম, একই পরিবারের কয়েকজন একসঙ্গে মারা গেছেন। কিন্তু এবার নিজের এলাকাতেই এমন ঘটনা ঘটল। বিষয়টি অত্যন্ত কষ্টের। পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ।’
একই পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারানোর ঘটনায় শুধু ভাটিপাড়া নয়, আশপাশের এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া। প্রতিদিন যাদের সঙ্গে দেখা হতো, কথা হতো, তাদের এভাবে একসঙ্গে হারানোর ঘটনা মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
ভাটিপাড়ার বাড়িতে পাশাপাশি রাখা চারটি খাটিয়া, স্বজনদের অশ্রুসিক্ত চোখ আর চারদিকে নেমে আসা নীরবতা যেন এক মুহূর্তেই একটি পরিবারের সব আনন্দ কেড়ে নেওয়ার নির্মম বাস্তবতার সাক্ষী হয়ে আছে।
সোহাগ/
