সেপ্টেম্বরের বেতনে নয়, একসঙ্গে মিলবে পে স্কেলের বকেয়া
নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের বেতনে নতুন পে স্কেলের বাড়তি অর্থ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। অক্টোবরের বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করার প্রস্তুতি চলছে। ফলে নতুন হারে অক্টোবরের বেতন নভেম্বরের শুরুতে পাওয়ার কথা রয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার একসঙ্গে পরিশোধের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ধাপে ধাপে এর সুবিধা দেওয়ার কথা রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের বর্ধিত অংশের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।
তবে সেপ্টেম্বরের বেতনের সঙ্গে এই বর্ধিত অর্থ যোগ করা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। এই বেতন নভেম্বরের শুরুতে পাওয়ার কথা রয়েছে।
পে-ফিক্সেশন শেষ হলেই মিলবে বর্ধিত বেতন
নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের আগে সরকারি চাকরিজীবীদের পে-ফিক্সেশন সম্পন্ন করতে হবে। এজন্য হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ শুরু হয়েছে। বিভাগভিত্তিকভাবে ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে পে-ফিক্সেশন শেষ করার প্রস্তুতি চলছে।
চাকরিজীবীদের তথ্য ভুল, অসম্পূর্ণ বা পুরোনো রেকর্ডের সঙ্গে অসংগত হলে পে-ফিক্সেশনে জটিলতা তৈরি হতে পারে। অনলাইনে তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তা নেওয়া যাবে।
একসঙ্গে মিলতে পারে তিন মাসের বকেয়া
নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বর্ধিত বেতন বকেয়া হিসেবে পাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-ফিক্সেশন শেষ হওয়ার পর হিসাব করে প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে পরিশোধের প্রস্তুতি চলছে।
তবে সবার বকেয়ার পরিমাণ এক হবে না। সংশ্লিষ্ট চাকরিজীবীর গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন স্কেলে নির্ধারিত বেতন এবং কার্যকর তারিখের ভিত্তিতে বকেয়া অর্থ হিসাব করা হবে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন পে স্কেল
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।
এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া নতুন বেতন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। পেনশনভোগীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।
নতুন কাঠামোয় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত এবং ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ার কথা রয়েছে। এর সঙ্গে বিভিন্ন ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
সোহাগ/
