৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে দুঃস্বপ্নের মতোই শেষ হলো বাংলাদেশের অভিযান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়া-হামজাদের দল। টানা তিন ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য থাকলেও সেটি পূরণ হয়নি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে ইন্দোনেশিয়া। ১১ মিনিটে লে বেকারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ৩২ মিনিটে তৃতীয় গোল পায় ইন্দোনেশিয়া।
৩৬ মিনিটে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন শাহরিয়ার ইমন। সুকির ক্রস থেকে হেডে গোল করেন তিনি। তবে এক মিনিট পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে ইন্দোনেশিয়া। ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ইন্দোনেশিয়ার আক্রমণ সামলাতে পারেনি বাংলাদেশ। ৯০ মিনিটে ভিকেরির গোলে ব্যবধান হয় ৭-১। এক মিনিট পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলী ওয়াহিদ।
এরপর যোগ করা সময়েও আরও দুই গোল করে ইন্দোনেশিয়া। কেভিন ডিকস ও লে বেকারের গোলে শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় জয় পায় স্বাগতিকরা। চার গোল করে ম্যাচে বড় ভূমিকা রাখেন লে বেকার।
এই হারের ফলে তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার পয়েন্ট ৪ এবং সিঙ্গাপুরের ৩।
আয়শা/
