আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দাম কমেছিল। তবে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ হওয়ায় আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের নভেম্বর ডেলিভারির ফিউচার প্রতি ব্যারেলে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এমন প্রত্যাশায় আগের সেশনে তেলের দামে কিছুটা চাপ তৈরি হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নাকচ করায় বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে, যা জুলাইয়ের পর সবচেয়ে বড় মাসিক বৃদ্ধি হতে পারে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম এ মাসে প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
তবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহও ধীরে ধীরে বাড়ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ১ কোটি ৬৩ লাখ ব্যারেলের বেশি হয়েছে, যা ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ পর্যায়।
সরবরাহ বাড়লেও ইরানকে ঘিরে মার্কিন নীতি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে সরবরাহ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতির ওপর।
সোহাগ/
