এলপিজি ও অটোগ্যাসের দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আগে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পাশাপাশি অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৬১.৮৩ টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে অটোগ্যাসের দাম অনেকটা বৃদ্ধি পেল।
অন্যদিকে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামেও বড় পরিবর্তন এসেছে। আগের ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। এপ্রিল মাসের জন্য বিইআরসি সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দামই পুনর্নির্ধারণ করেছে।
বিইআরসি ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা এবং ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬০১ টাকা করা হয়েছে। এছাড়া বড় সিলিন্ডারের ক্ষেত্রে ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা। আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হওয়ার কথা রয়েছে।
সিদ্দিকা/
